কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের ‘হত্যাকাণ্ডে’ শোক প্রকাশ করে রবিবার (২০ সেপ্টেম্বর) সাধারণ শোক দিবস ও ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতীমের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে অপ্রতীমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) সাধারণ শোক দিবস পালন করা হবে। এদিন সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘অপ্রতীমের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার মৃত্যুতে এতটাই শোকাহত যে স্বাভাবিক অবস্থায় নেই। তাই আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’