শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার একটি নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কঠিন শারীরিক কসরতের সময়ই দুর্ঘটনার শিকার হন রাশমিকা। আঘাতে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) সম্পূর্ণ ছিঁড়ে গেছে।
চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। কারণ নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন বা উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সময় এমন আঘাতের ঝুঁকি থাকে।
তবে দুর্ঘটনার কারণ কিংবা নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
এই মুহূর্তে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত রাশমিকা। যার একটি ‘রানাবলি’ এবং দ্বিতীয়টি ‘মাইসা’।
খুব স্বাভাবিকভাবেই রাশমিকার এই চোট পাওয়ার ঘটনায় দুটি ছবির শিডিউল আগামী দিনে পুরোপুরি পাল্টে দিতে হবে। আপাতত অভিনেত্রীকে পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে। সবকিছু স্বাভাবিক হওয়ার পর, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আবার ফিরতে পারবেন শুটিংয়ে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন।
এসএ