
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার পাশাপাশি পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, এই ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এছাড়া, পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।
এসব ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।
একের পর এক ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক এবং অর্থায়নের উৎস খুঁজে বের করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।








