
বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে যে দেশ

বর্তমান বিশ্বে স্বর্ণ কেবল অলংকার বা বিনিয়োগের মাধ্যম নয়, বরং মূল্যবান এই ধাতু অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে।
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীন ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে (৩১ ডিসেম্বর পর্যন্ত)। ২০২৪ সালে দেশটি ৩৮০ দশমিক ২ টন স্বর্ণ উৎপাদন করে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ ছিল।
চীন শুধু সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশই নয়, বরং তারা মূল্যবান এ ধাতুর সবচেয়ে বড় ভোক্তাদেশও।
চীন দুভাবে স্বর্ণ উৎপাদন করে। দেশটি নিজেদের খনি থেকে পাওয়া কাঁচামাল থেকে পরিশোধন এবং বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকে স্বর্ণ উৎপাদন করে।
৪ নভেম্বর প্রকাশ করা চায়না গোল্ড অ্যাসোসিয়েশন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে মোট ২২০ দশমিক ৯৩৫ টন স্বর্ণ উৎপাদন করেছে।
অন্যদিকে আমদানি করা কাঁচামাল থেকে দেশটিতে স্বর্ণ উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন।
অর্থাৎ দেশীয় ও আমদানি করা—উভয় ধরনের কাঁচামাল থেকে চীনে সব মিলিয়ে স্বর্ণ উৎপাদিত হয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ভোক্তা হিসেবে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহার হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি। এর মধ্যে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন স্বর্ণ এবং শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন স্বর্ণ।
অন্যদিকে, স্বর্ণের বার ও কয়েন কেনায় ব্যবহৃত হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা গত বছরের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। চীনের সাধারণ মানুষ সোনার বার ও কয়েন কিনে এ খাতে বিনিয়োগ করে।
গ্লোবালডেটা খনি ও প্রকল্পবিষয়ক তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি স্বর্ণের খনি চালু রয়েছে। এর মধ্যে ১১৭টি চীনে। এর মধ্যে শাসি কপার মাইন, ইশিংঝাই, সানশানদাও, জিয়াওজিয়া ও দে শিং মাইন অন্যতম।








