
নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, র্যাব-সেনা-বিমান-নৌবাহিনী ও বিজিবি

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় র্যাবের ১৭টি টিম কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে র্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল এবং সাদা পোশাকে ৫টি টিম। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এ ছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক।
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল, সেনাবাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন।
ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে।
প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট।
তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হলো বা এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এসবের বিস্তারিত এখনও জানা যায়নি বলে জানিয়েছেন অগ্নি নির্বাপনের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসকর্মীরা।
আফ/দীপ্ত সংবাদ





