জামিন পেতে প্রধান বিচারপতির ওপর ‘কালো জাদু’, আটক ১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহার ওপর ‘কালো জাদু’ বা তন্ত্রসাধনা করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। জেলে থাকা এক আত্মীয়ের জামিন পাওয়ার আশায় শ্মশানে বসে এই কাণ্ড ঘটাচ্ছিল ওই যুবক ও তার সঙ্গীরা।

গত শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি শ্মশানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিলাসপুরের সিপাত থানা এলাকার দেবরি গ্রামের শ্মশানে সন্দেহজনক আলো ও গতিবিধি দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। তারা দলবদ্ধ হয়ে শ্মশানে গিয়ে দেখেন, চার যুবক মিলে তন্ত্রসাধনা করছে। এ সময় গ্রামবাসীরা তাদের ঘিরে ফেললে তিনজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে ঋষিকেশ কুমার নামের একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে পুলিশ মৃত মাছ, লেবু, সিঁদুর, নারকেল এবং কালো জাদুতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। আশ্চর্যের বিষয় হলো, সেখানে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহা এবং আরও দুজনের ছবি রাখা ছিল, যা সামনে রেখে তারা তন্ত্রমন্ত্র পড়ছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ঋষিকেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানায়, তার এক আত্মীয় প্রিয়াংশু বোলে একটি ছুরিকাঘাতের মামলায় বর্তমানে জেলে আছে এবং তার জামিন আবেদন আদালতে বিচারাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভণ্ড তান্ত্রিকের পরামর্শে, প্রধান বিচারপতির ওপর কালো জাদু করে সেই আত্মীয়ের জামিন আদায় করার পরিকল্পনা করেছিল তারা।

বিলাসপুরের পুলিশ সুপার (এসপি) রজনেশ সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “শ্মশানে তন্ত্রসাধনার খবরে গ্রামবাসীরা একজনকে ধরে পুলিশে দিয়েছে। ঘটনাস্থল থেকে বিচারপতির ছবি ও পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পালিয়ে যাওয়া বাকি তিন অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More