৪১ বছরে মা হচ্ছেন ‘রইস’ নায়িকা মাহিরা খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথম সন্তানের ১৭ বছর পর আবারও মা হতে চলেছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা মাহিরাকে এক হাতে পেট ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’ মাহিরার এই ঘোষণার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে বিয়ের পর এই দম্পতির সংসারে আসতে চলেছে প্রথম সন্তান। তবে মাহিরার জন্য এটি দ্বিতীয় মাতৃত্বের অভিজ্ঞতা। প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে তাঁর ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।

মাহিরার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানেও ছেলেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। বিয়ের মঞ্চে মায়ের হাত ধরে তাঁকে নিয়ে গিয়েছিলেন আজলান। সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছিল।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নেন মাহিরা খান। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কার্যক্রমের একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন তিনি। সিনেমায় অবদানের জন্য সেখান থেকে সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী।

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন মাহিরা। ‘হামসফর’ নাটকে অভিনয় করে পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর ‘শেহর-ই-জাত’, ‘সাদকায়ে তুমহারে’সহ একাধিক আলোচিত নাটকে অভিনয় করেন।

২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এরপর পাকিস্তানি চলচ্চিত্রেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বিন রয়’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More