
শ্রীলংকাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথমার্ধে শমিত ও হামজার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ফারহানের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য এবং শেষ দিকে রাকিবের গোলে ব্যবধান আরও বাড়ে।
এর আগে ভুটানকে ১–০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে থমাস ডুলির দল। শেষ চারের লড়াইয়ের আগে এই ম্যাচে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগও কাজে লাগিয়েছেন ফুটবলাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ ডুলি। ভুটানের বিপক্ষে খেলতে না পারা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে শুরু থেকেই মাঠে রাখেন তিনি। চোটের কারণে ছিটকে যাওয়া বিশ্বনাথ ঘোষের পরিবর্তে একাদশে জায়গা পান মোহাম্মদ ইব্রাহিম। এ ম্যাচেই প্রথমবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন হামজা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের আট মিনিটে অধিনায়ক হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি চেষ্টায় বল জালে পাঠান এই ডিফেন্ডার।
২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রাকিবের দারুণ পাস থেকে বল পান হামজা। তবে সামনে শ্রীলঙ্কার ডিফেন্ডার চলে আসায় ব্যাক হিলে গোলের চেষ্টা করেন তিনি। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৩ মিনিটে ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে গতি ও দক্ষতায় শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর নেয়া হামজার শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। তাতে বিরতিতে ২–০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ম্যাচের ৫৩ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান ৩–০ করেন ফারহান আলী। বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। পথে একে একে তিন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান ফারহান।
এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান আরও বাড়িয়ে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল–সবুজের প্রতিনিধিরা।








