প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে রবিবার (১২ জুলাই)। এ উপলক্ষে এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।
তিন বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে আবারও বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৪ এপ্রিল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ১৮ এপ্রিল।
পরীক্ষা নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি দেয়া হবে ৩৩ হাজার শিক্ষার্থীকে। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা পাবে।
যেভাবে জানা যাবে ফলাফল— প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অনলাইনে ও এসএমএস এই ২ পদ্ধতিতে জানা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।
এসএ