দীপ্ত নিউজ
বিনোদন

নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
ছবি: সংগৃহীত

সম্পর্ক ভেঙেছে, চূড়ান্ত হয়েছে বিবাহবিচ্ছেদও। তবুও প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে ব্যতিক্রমী ভূমিকা পালন করলেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার।

‘স্পাইডার–ম্যান’খ্যাত এই অভিনেতা শুধু সাবেক স্ত্রীর বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না, বরং বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন। এমনকি নবদম্পতির চুম্বনের মুহূর্তেও পাশে ছিলেন টোবি।

সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনায় এই হলিউড অভিনেতা।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’–এ জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিওফ্রি ওগুনলেসির বিয়ের আয়োজন করা হয়। জিওফ্রি নাইজেরীয় ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ের অনুষ্ঠান হয়।

বিয়েতে হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোসও অনুষ্ঠানে যোগ দেন।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেন। তাদের দুটি সন্তান রয়েছে।

প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের বিশেষ দিনে টোবির এই উপস্থিতি এবং নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তের ছবিই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে।

এসএ