বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক গোলদাতার তালিকায় থাকা ব্রাজিলকে সিংহাসনচ্যুত করে শীর্ষস্থান দখল করল জার্মানি।
রবিবার (১৪ জুন) নিজেদের প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওকে ৭–১ ব্যবধানে ভাসিয়ে বিশ্বকাপে নিজেদের মোট গোলসংখ্যাকে ২৩৯–এ নিয়ে গেছে ডাই ম্যানশাফটরা।
এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ২৩৭ গোল নিয়ে চূড়ায় ছিল ব্রাজিল। ৫ গোল পিছিয়ে ২৩২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ছিল জার্মানি। মরক্কোর বিপক্ষে ব্রাজিল মাত্র ১টি গোল করায় জার্মানির সামনে সুযোগ আসে রেকর্ড ভাঙার।
সেলেসাওদের টপকে যেতে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের দরকার ছিল একটা উড়ন্ত সূচনা। মাঠের লড়াইয়ে ঠিক সেটাই করে দেখাল চারবারের চ্যাম্পিয়নরা। কুরাসাওয়ের জালে ৭বার বল পাঠানোর পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯।
২৩৮ গোল নিয়ে ব্রাজিল এখন দ্বিতীয় স্থানে। আর ১৫২ গোল নিয়ে অনেক পিছিয়ে ৩ নম্বরে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ২১টি বিশ্বকাপে ১১৩ ম্যাচ খেলে ২৩৯ গোল করল জার্মানি, যেখানে ২৩টি আসরে ১১৫ ম্যাচ খেলেছে ব্রাজিল।
বিশ্বকাপ ইতিহাসে জার্মানি বরাবরই নজরকাড়া।
১৯৫০ সালের আসর ছাড়া প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে দলটি। ১৯৫৪ সালের বিশ্বকাপে তারা সর্বোচ্চ ২৫ গোল করে শিরোপা জিতেছিল। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে মাত্র দুই গোল করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানরা।
এখন পর্যন্ত বিশ্বকাপে জার্মানি ২৩৯ গোলের বিপরীতে ১৩১ গোল হজম করেছে। ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে +১০৮।
জার্মানির বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। তার নামের পাশে রয়েছে ১৬ গোল। এটি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডও। এ ছাড়া গার্ড মুলার ১৪, ইয়ুর্গেন ক্লিন্সমান ১১ এবং থমাস মুলার ১০ গোল করেছেন।
এসএ