গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সাংবাদিক আনাস আল–শরিফ এবং তার চার সহকর্মী নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজা শহরের আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলায় সাতজন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল–শরিফ, মোহাম্মদ ক্রিকেহ এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোমেন আলিওয়া।

আল–শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। গতকাল আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় মারা যান তিনি।

নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সে (সাবেক টুইটার) আল–শরীফ লিখেছেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।

আল–শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’সংবলিত নথি তাদের কাছে আছে বলে দাবি করেছে তারা।

তবে ইউরো–মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল–জাজিরাকে বলেন, আল–শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার ‘কোনো ধরনের প্রমাণ নেই’। তার ভাষায়, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More