মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথন জিতলেন মা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
খালি পায়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা।

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্পোর্টস জুতা ও ট্র্যাকস্যুট পরা একাধিক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড জেলার আম্বাজোগাই এলাকার বাসিন্দা রমাবাই রণবীর।

অমৃত মহোৎসব’ উদযাপন উপলক্ষে ভারতীয় শিক্ষণ প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্স ‘অমৃত দৌড়’ নামে একটি ম্যারাথন আয়োজন করে।

আম্বাজোগাই এলাকার ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় স্থানীয় অসংখ্য তরুণতরুণী অংশ নেন।

প্রতিযোগিতার শুরুতেই সাধারণ শাড়ি ও পায়ে চপ্পল পরে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন রমাবাই।

তবে দৌড় শুরুর কিছু দূর যেতেই বাধে বিপত্তি, অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তার সামান্য চপ্পল জোড়া।

গতি কমে যাচ্ছে দেখে একমুহূর্ত দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন রামাবাই। পাথর আর রুক্ষ রাস্তায় খালি পায়েই শুরু করেন দৌড়। তীক্ষ্ণ পাথর ও শারীরিক ব্যথার তোয়াক্কা না করে সব তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন এই অদম্য মা। এই জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকেরা।

বিজয়ী হিসেবে তিনি ৩ হাজার রুপি পুরস্কার পান। এই অর্থ তিনি মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন বলে জানিয়েছেন রমাবাই।

তার এই জয় কেবল একটি দৌড় প্রতিযোগিতার সাফল্য নয়; বরং সন্তানের ভবিষ্যৎ গড়তে একজন মায়ের দৃঢ়তা, পরিশ্রম ও ত্যাগেরও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।

 

এসএ

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More