কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

কঠোর নিরাপত্তায় শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রূপপুরে পৌঁছেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বহরের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এর আগে শনিবার সকালে তিনটি বিশেষ লরিতে ইউরেনিয়ামের চালানটি ঢাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়।

শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে নির্ধারিত সময়ের তুলনায় চালানটি বাংলাদেশে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এটি দেশে পৌঁছানোর কথা ছিল। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় কার্গো ফ্লাইটটি নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি।

এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে। শিগগিরই প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More