ঢাবিতে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পরিচ্ছন্ন এবং নান্দনিক ক্যাম্পাস করার লক্ষে স্বেচ্ছায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষকরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ছাত্র–শিক্ষকদের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ–আল–মামুন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করায় শিক্ষার্থীসহ হল প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ও হলকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। একটি সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।‘

হল পরিষ্কার, বৃক্ষরোপণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সারাবছর চালিয়ে যাওয়ার পাশাপাশি যেকোনো ক্রান্তিকাল ও দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ–আল–মামুন জানান, হলে গেস্টরুম প্রথা, নির্যাতন, অন্যায় ও অত্যাচারসহ সমাজের সকল ময়লা–আবর্জনা ঝেড়ে ফেলার প্রতীকী কর্মসূচি হিসেবে ছাত্র–শিক্ষকবৃন্দ এই পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More