দীপ্ত নিউজ
বাংলাদেশ

বন্যায় প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বন্যায় প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সরবরাহ বন্ধ করে দেওয়ায় প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

জানা গেছে, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। এর মধ্যে শুধু নোয়াখালীতেই প্রায় চার লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জি এম মো. জাকির হোসেন বলেন, আমাদের এই সমিতিতে ৭ লাখ ৬০ হাজার গ্রাহক রয়েছেন। আমাদের কয়েকটি সাবস্টেশনসহ বিদ্যুৎ বিতরণকারী বেশির ভাগ এলাকায় ইতোমধ্যে বন্যার পানি উঠে গেছে। ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে ৫০ শতাংশের বেশি (প্রায় চার লাখ) গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, জেলায় চার লাখ গ্রাহকের মধ্যে তিন লাখেরও বেশি বিদ্যুৎবিচ্ছিন্ন। ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ