
পরীক্ষার হলে শিক্ষককে চড়-থাপ্পড় মারে ছাত্র

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চড়–থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক পরীক্ষার্থীর বিরুদ্ধে।
রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
শিক্ষক মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে, এ ঘটনার প্রকৃত কারণ জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জানা গেছে, রবিবার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছিল ভি জে স্কুলের ১১২ নং কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যায়েরর বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এ সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসুদপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থী দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাক বিতণ্ডা হয়। এর এক পযায়ে শিক্ষক হাফিজুরকে চড়–থাপ্পড় মারেন ছাত্র শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল।
ভি.জে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান জানান, এ ঘটনায় শিক্ষকদের পক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসককেও জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
জান্নাতুল আওলিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ








