
সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে আনিকা সুলতানা (৫) ও জান্নাতুল নাইম (৫) নামে দুই শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রতাপনগর ইউনিয়নেরকুড়িকাহুনিয়া গ্রামের একটি পুকুর থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
নিহত আনিকা কুড়িকাহনিয়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে ও জান্নাতুল ওহিদুল মোড়লের মেয়ে। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু ওয়ানের ছাত্রী।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ জানান, মঙ্গলবার সকালে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা। এরই মধ্যে লোক চক্ষুর অন্তরালে পুকুরের পানিতে ডুবে যায় তারা। দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা।
তিনি আরও জানান, বিকেল চারটার দিকে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে যেয়ে আনিকাকে ভাসতে দেখে। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গেলে জান্নাতের মরদেহের স্পর্শ পায় উদ্ধারকারীরা। উদ্ধারের পরপরই তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লাশ দুটি উদ্ধার করে দাফনের জন্য অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ








