
রাজশাহীর পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর শ্রীরামপুর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জুন) দুুপুরে শ্রীরামপুর টি–বাঁধ এলাকা থেকে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবরি টিম তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে সারোয়ার সাইম ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার গালিব। তারা দুইজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, রাজশাহী গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সাইমের লাশ উদ্ধার করা হয় সকাল সাড়ে ৭টার দিকে। আর দুপুর ১২ টার ঘটনাস্থল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। এই উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা হয়েছে। এখন পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ হস্তান্তর করবে।
উল্লেখ্য, শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নয়জন শিক্ষার্থী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষ করে পদ্মায় গোসল করতে নামেন। এক পর্যায়ে সারোয়ার সাইম ও রিফাত খন্দকার গালিব পানিতে ডুবে যান।
ইউ. আদনানআফ/দীপ্ত নিউজ








