দীপ্ত নিউজ
বাংলাদেশ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থীরা

 

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (১০ জুন) রাজধানীর শাহবাগে শিক্ষার্থী সমাবেশে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।

এর আগে সমাবেশের প্রস্তুতি হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসেছেন শিক্ষার্থীরা। তাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য শাহবাগ মোড়ে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, এর আগেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ বিভিন্ন দাবিতে নানা সময়ে আন্দোলনের মাঠে ছিলেন শিক্ষার্থী ও চাকরি–প্রার্থীরা। এসব আন্দোলন ও দাবি এবং আশ্বাস পুলিশী বাধাসহ নানা কারণে ভেস্তে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনে এমন ঘটনা ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে, নানা সময়ে।

আন্দোলনকারীরা বলছেন, করোনা মহামারির সময়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকা সত্ত্বেও করোনা মহামারির কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা আরও ২–৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদে এখন পর্যন্ত ৭১ বার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি উত্থাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ করলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।

একইসঙ্গে সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবিও জানান তারা। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করার দাবি জানান তারা।

 

আল/দীপ্ত সংবাদ