
ঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে মাদারীপুরের শিবচরে নিজামউদ্দিন মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।
মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। এদিকে নিহত মৃধাকে আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা সীমানা এলাকায় ছড়িয়ে পড়া দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেছেন, লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার ভোররাতে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মজাজিরার নাওডোবা অংশে বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। মিছিল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভোরে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মী ও শিবচরের কুতুবপুর এলাকার নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধসহ কয়েকজন গুরুতর আহত হন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মিছিল থেকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মাভ্যালি রেস্টুরেন্টে, বিএনপির অস্থায়ী প্যান্ডেল ও বেশ কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়।
কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর মোড়ল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ঘটনা লিখেছেন, ‘আমাদের একজন ভাইকে হারালাম। শিবচর উপজেলা হারালো একজন স্বার্থহীন বীরযোদ্ধাকে।‘
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায়। ওখানে দুপক্ষের মধ্যে সংঘাতে গুলিবিদ্ধ শিবচর উপজেলার বাসিন্দা একজন ঢাকা নেওয়ার পথে মারা গেছে বলে জানতে পেরেছি। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায় তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, বর্তমানে পদ্মাসেতু এলাকা ও ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।
মো. রফিকুল ইসলাম/এজে/দীপ্ত সংবাদ








