
স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং

বাড়ি গোপালগঞ্জে, ভোটারও সেখানকার, তবে সেখানে থাকেন না, এমন কারও কারও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস), অর্থাৎ বিকাশ, নগদ, রকেট ইত্যাদি বন্ধ হয়ে গেছে।
গ্রাহকেরা জানিয়েছেন, তাঁদের মুঠোফোনে সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার বার্তা পাঠিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান। সেবা বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।
গোপালগঞ্জে হঠাৎ করে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাতাদা (এমএফএস) প্রতিষ্ঠানের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা।
গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সমস্যায় এখনও স্বাভাবিক হয়নি লেনদেন। টাকা উত্তোলন, পাঠানো কিংবা জরুরি প্রয়োজনে অর্থ ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আবার যাদের অ্যাকাউন্ট সচল রয়েছে, তারাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগে টাকা তুলে নিচ্ছেন।
অ্যাকাউন্ট বন্ধের কারণ ও কবে সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পর এ ঘটনা ঘটল।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অতিরিক্ত লেনদেনের কারণে এমএফএস অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।








