
২৮ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছেন ৩ শিক্ষক

প্রতিষ্ঠার ২৮ বছর পেরিয়ে গেলেও জাতীয়করণের আওতায় আসেনি রাজশাহীর পবা উপজেলার সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিনা বেতনে টানা ২৮ বছর ধরে পাঠদান চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়টির তিন শিক্ষক।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড। পুরো ওয়ার্ডে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় ১৯৯৮ সালে স্থানীয়দের উদ্যোগে এক বিঘা জমির ওপর গড়ে ওঠে সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
এরপর পেরিয়ে গেছে প্রায় তিন দশক। এখান থেকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে অনেকেই এখন উচ্চশিক্ষিত, গড়েছেন নিজেদের ভবিষ্যৎ। কিন্তু যাদের হাত ধরে এই পথচলা সেই শিক্ষকদের ভাগ্যে আজও বদলায়নি।
শুরুতে বেশ কয়েকজন শিক্ষক থাকলেও জাতীয়করণ না হওয়ায় একে একে পেশা ছেড়েছেন তারা।
তবে শুরু থেকেই বিনা বেতনে স্কুলটি আগলে রেখেছেন তিনজন– এলিজা খাতুন, হোসনেয়ারা খাতুন ও শাবানা খাতুন। বিদ্যালয়ে এখন শুধু এই তিন শিক্ষকই আছেন।
বর্তমানে বিদ্যালয়টিতে নানা সংকট থাকলেও থেমে নেই শিক্ষার্থীদের সাফল্য। ২০১৭ ও ২০১৮ সালে তিনজন করে এবং ২০১৯ ও ২০২২ সালে দুজন করে শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে সরকারি বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়টি সরকারি ব্যবস্থাপনায় আনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদা হাবিবা।
দ্রুত জাতীয়করণের মাধ্যমে এই তিন শিক্ষকের দীর্ঘ ২৮ বছরের অনিশ্চয়তার অবসান হবে– এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ইউসুফ আদনান/এফ/দীপ্ত নিউজ








