দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১০৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ ছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৬৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।