
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জনসহ মোট ৯ জন মারা গেছে।
এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৭৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।








