
দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

হাম প্রকোপ শুরু হওয়ার দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় পর অবশেষে স্বস্তির খবর পেল দেশ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক–কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর ১৫ মার্চ দেশে হাম সংক্রমণ শনাক্ত শুরু হওয়ার পর এটিই প্রথম মৃত্যুশূন্য দিন।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামলেও সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।
স্বাস্থ্য অধিদফতর সামগ্রিক পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত এবং ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই আট মাসে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের প্রাণহানি ঘটেছে।








