
পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এবং তীব্র উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ যুক্ত হয়েছে বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট‘।
ফলে এই অঞ্চলে বর্তমানে একসঙ্গে অবস্থান করছে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি। আর এই রণতরীগুলোর মাধ্যমে অঞ্চলটিতে প্রায় ২০ হাজারের বেশি নাবিক, মেরিন সেনা এবং শত শত যুদ্ধবিমান অবস্থান করছে।
এসব রণতরী মোতায়েনের মাধ্যমে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নজিরবিহীন এক উচ্চতায় পৌঁছেছে, যা নতুন কোনো বড় যুদ্ধের পদধ্বনি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
যদিও বর্তমানে উভয় পক্ষের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ থাকলেও কথার যুদ্ধ চলমান। তবুও যেকোনো মুহূর্তে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএসএস থিওডোর রুজভেল্ট নামের জাহাজটি একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী।
১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজটিতে পাঁচ হাজারেরও বেশি সেনা এবং ৬০টিরও বেশি বিমানের একটি পূর্ণাঙ্গ বিমানবহর রয়েছে। যার মধ্যে এফ–১৮–এর সুপারসনিক বহুমুখী যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত।
যুদ্ধ অভিযানের পাশাপাশি বিমানবাহী রণতরীটি সমুদ্রে জাহাজগুলোতে রসদ সরবরাহ করে এবং শরণার্থীসহ বিভিন্ন মানুষকে উদ্ধার করে।
পশ্চিম এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এমন এক সময়ে দেখা গেল, যখন অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
যুক্তরাষ্ট্র ঠিক কি কারণে এ অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে তাও নিশ্চিত নয়। যদিও দেশটির সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতির দাবি নাকচ করেছে।
এ বিষয়ে ট্রাম্প প্রশাসনেই বিভক্তি লক্ষ্য করা গেছে। কিছু মার্কিন কর্মকর্তা বলছেন, এই রণতরিগুলোর একত্রে উপস্থিতি নিয়মিত দায়িত্ব পরিবর্তন বা রোটেশনের অংশ হতে পারে।
আবার কিছু কর্মকর্তা বলছেন, এই অতিরিক্ত মোতায়েনের ফলে ট্রাম্পের হাতে বেশি সামরিক সক্ষমতা থাকবে এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের ক্ষেত্রে আরও বিকল্প তৈরি হবে।
মার্কিন গণমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ইরানের অর্থনৈতিক অবকাঠামোগুলোতে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র– ইসরায়েল।
আবার একাধিক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তাতে সরাসরি অংশ নেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট রণতরী।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন জোরদারের প্রেক্ষিতে তেহরানকে অবরুদ্ধ কিংবা আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটনের হামলার অপেক্ষায় তারা বসে থাকবে না বলেও জানিয়েছে দেশটি।
কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগেই পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরস্পরবিরোধী অবস্থানের কারণে আট মাস ধরে চলা এই যুদ্ধের শেষ কোথায় তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পশ্চিম এশিয়া।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ও তেহরানের অনমনীয় অবস্থানের কারণে এই অঞ্চলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইশরাত সুমা/এফ/দীপ্ত নিউজ








