
সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

রাজধানীর মতিঝিল এলাকার শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান‘কে হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ সময় তার মাথায় হেলমেটও ছিল।
আগের দিন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে কেন হাতকড়া ছাড়া আদালতে হাজির করা হচ্ছে— এ প্রশ্ন তুলে সংসদে ক্ষোভ জানিয়েছিলেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
তিনি রবিবার (১৫ নভেম্বর) সংসদের বৈঠকে পয়েন্ট অফ অর্ডারে বলেন, ‘জিয়াউল আদালত প্রাঙ্গণে যে অঙ্গভঙ্গি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তাতে মনে হচ্ছে তিনি আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশ তাঁকে প্রটোকল দিচ্ছে।’
তাঁর এ বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘জিয়াউল আহসান এই সুযোগ আর পাবেন না।’ এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
সংসদে এ নিয়ে আলোচনার পরদিন আজ জিয়াউল আহসানকে হ্যান্ডকাফ ও বুলেটপ্রুফ জ্যাকেটে পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় জিয়াউল আহসানকে।
প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘সহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি চলছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।








