
গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়‘— বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি না। এসব কর্মকাণ্ড করে খুব একটা ফায়দা পাবে বলে আমার মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন— এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
আন্দালিভ রহমান বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনও জাতিকে পুরোপুরি বোঝাতে না পারাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।
তিনি বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। রাজনীতিবিদ হওয়া বন্ধ করে দিয়েছে, আমলাতান্ত্রিক (ব্যুরোক্রেসি) সিস্টেম বন্ধ করে দিয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণ। ১৯৭৫–এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে; অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে।
আন্দালিভ রহমান বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তাদের গ্রহণযোগ্যতা। ৩ বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না, বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যমের সহযোগিতা চায়।








