দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৮১ বছর বয়সে বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
৮১ বছর বয়সে বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন
Britain Booker Prize

ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন। তার ডিস্টোপীয় উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ তাকে এনে দিয়েছে এই সম্মান। ৮১ বছর বয়সে পুরস্কারটি জিতে তিনি বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন।

সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৭ হাজার ২৩২ ডলার) অর্থমূল্যের পুরস্কার তুলে দেন গত বছরের বিজয়ী ডেভিড স্যালজে।

হ্যারিসনের ত্রয়োদশ উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’। উপন্যাসটির পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল। এক রহস্যময় বিপর্যয়ের পর সেখানে বেঁচে থাকার সংগ্রামে নামে এক সৈকত–পর্যটক ও তার বৃদ্ধা খালা। এরই মধ্যে হাজির হয় রূপ বদলাতে সক্ষম এক অদ্ভুত প্রাণীগোষ্ঠী, যাদের নাম আইগেত্তি। বিপর্যস্ত পৃথিবীতে টিকে থাকার এই গল্পই উপন্যাসটির কেন্দ্রে। ১৯৮ পৃষ্ঠার বইটি এবারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয়টি উপন্যাসের মধ্যে সবচেয়ে ছোট।

ইতিহাসবিদ ও সম্প্রচারক মেরি বিয়ার্ড এবারের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৬৩টি বই বিবেচনার পর বিচারকেরা সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী নির্বাচিত করেন। বইটি সম্পর্কে বিয়ার্ড বলেন, এটি ‘ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখা বর্তমান সময়ের রাজনীতি’। অন্ধকার রসবোধ, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের মিশেল উপন্যাসটিকে স্বতন্ত্র করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

হ্যারিসনের লেখালেখির জীবন ছয় দশকের। বুকার পুরস্কার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মূলত কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন লেখার জগৎ থেকে উঠে আসা তিনিই প্রথম লেখক, যিনি এই পুরস্কার জিতলেন। এর আগে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ডটি ছিল কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউডের। ২০১৯ সালে যৌথভাবে পুরস্কার জয়ের সময় তার বয়স ছিল ৭৯ বছর।

এবারের সংক্ষিপ্ত তালিকায় হ্যারিসন ছাড়াও ছিলেন আগের বুকারজয়ী লেখক মার্লন জেমস ও ডগলাস স্টুয়ার্ট। তালিকায় আরও ছিলেন এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরি। হ্যারিসনের এই জয় প্রকাশনা সংস্থা সার্পেন্টস টেইলের জন্যও বিশেষ ঘটনা। স্বতন্ত্র প্রকাশনা সংস্থা হিসেবে এই প্রথম তারা বুকার পুরস্কার জিতল। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত শ্রেষ্ঠ কথাসাহিত্যের জন্য। লেখকের জাতীয়তা এ ক্ষেত্রে বিবেচ্য নয়, যেকোনো দেশের লেখকই এই পুরস্কারের জন্য যোগ্য।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম বুকার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন এম. জন হ্যারিসন। প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিলেন তিনি।