দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মৃত্যুর পর স্বর্গে যেতে হলে রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হবে—এমন শর্ত দেওয়া হলে তা পালন করতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনকি কয়েকজন শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন বলেও স্বীকার করেছেন।

সিবিএস নিউজ প্রচারিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘৬০ মিনিটস’–এ দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই কঠোর অবস্থানের কথা অকপটে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবার (৮ নভেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নেন মার্কিন সাংবাদিক রস ডাউথাট।

সাক্ষাৎকারে মৃত্যুর পর নিজের পরকাল নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ। তাই নীতিগতভাবে আমি স্বর্গে যাব বলেই মনে করি।‘

এরপর ডাউথাট প্রশ্ন করেন, ‘ধরুন আপনি মারা গেলেন এবং পরকালে স্বর্গে প্রবেশের জন্য কেবল একটি শর্ত– জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো যাদের আপনি দীর্ঘদিন ঘৃণা করেছেন, তাদের ক্ষমা করা। আপনি কি তা করতে পারবেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর আমি থাকব না।’

সাংবাদিক সরাসরি জানতে চান, তাহলে উত্তর কি ‘না’?’

ট্রাম্প বলেন, হ্যাঁ, ‘না‘। আমি সৎ থাকতে চাই। আমি আমার কয়েকজন শত্রুকে ঘৃণা করি এবং সব সময়ই করব। তারা কতটা ভয়াবহ ছিল তা দেখুন।’

উল্লেখ্য, ন্যান্সি পেলোসি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার থাকাকালে ট্রাম্পের বিরুদ্ধে দুবার ইমপিচমেন্ট (অভিশংসন) প্রস্তাব গৃহীত হয়। অন্যদিকে সাবেক এফবিআই প্রধান জেমস কোমি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সাথে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের তদন্ত পরিচালনা করেছিলেন।

ট্রাম্পের পরকালে স্বর্গে যাওয়ার শর্ত হিসেবেও শত্রুদের ক্ষমা না করার এই খোলামেলা বক্তব্য বর্তমানে বিশ্ব রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।