বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সিলেটে হঠাৎ বেড়েছে গরম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

রমজানের গত পনেরো দিন বেশ আরামেই কেটেছে সিলেট বাসীর। তাপমাত্রা অনুকূলে থাকায় খুব একটা কষ্ট হয়নি রোজাদারদের। কিন্তু আজ ( ৮ এপ্রিল) সিলেটের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে ভুগছেন নগরবাসী।

রোজার মাঝামাঝি সময়ে এমন তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ জনজীবন। তাপদাহের শঙ্কা না থাকলেও সিলেট বিভাগের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

গরমে বাড়িতেও আবদ্ধ থাকা কষ্ট হয়ে পড়ছে। আর যারা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছে তারাও গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। সবথেকে বেশি কষ্টে পড়েছে রোজাদাররা।

নগরীর দাড়িয়া পাড়ার বাসিন্দা মোহিত তালুকদার বলেন, আবহাওয়া ঠান্ডা থাকায় গত কয়েকদিন রোজায় তেমন সমস্যা হয়নি। কাজে বের হলেও তৃষ্ণা লাগেনি। তবে আজ প্রচন্ড গরম। আজকের গরমে দিশেহারা হয়ে পড়েছি।

রিকশা চালক আসলাম বলেন, রোজা রেখে এতদিন রিকশা চালাতে পেরেছি। তবে আজকের গরমে মনে হচ্ছেনা রোজা রাখতে পারবো। হঠাৎ করে এমন গরমে সবারই সমস্যা হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, দেশের বেশ কিছু অঞ্চলে তাপদাহ চলছে। তবে সিলেট তাপমাত্রা বাড়লেও আপাতত তাপদাহের সম্ভাবনা নেই। সিলেট বিভাগের তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়তে পারে বলে জানান তিনি।

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More