জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন মিথিলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিনোদন জগতের বাইরেও তিনি একজন প্রতিষ্ঠিত উন্নয়নকর্মী।

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিনোদন জগতের বাইরেও তিনি একজন প্রতিষ্ঠিত উন্নয়নকর্মী। এবার সেই পরিচয়ে যুক্ত হলো নতুন এক মাত্রা; পা রাখলেন জীবনের এক নতুন অধ্যায়ে।

ব্র্যাকের চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন মিথিলা।

নিজ ফেসবুক প্রোফাইল থেকে এক দীর্ঘ পোস্টে পেশাগত জীবনের এই সুখবর মিথিলা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন।

কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’–এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন মিথিলা। সেখানে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেবেন এই তারকা।

এই উদ্যোগের মূল লক্ষ্য কী, তা জানিয়ে মিথিলা পোস্টে উল্লেখ করেন, ‘এই উদ্যোগটি, প্রারম্ভিক শৈশব বিকাশ (ECD), পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সব সুযোগ–সুবিধা আর পরিবেশের সাথে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সাথে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমার গ্লোবাল এক্সপেরিয়েন্সকে কলাম্বিয়ায় কাজে লাগাতে পারব বলে আশা করছি।’

মিথিলা আরও জানান, ‘একই সাথে, আমি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (CUNY)-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছি। আমি সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছি, যেখানে আমি শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।’

নিজের সাবেক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও নতুন যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন মিথিলা।

তার কথায়, ‘আমার এই প্রফেশনাল জার্নির জন্য আমি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা রিসার্চ ইনফাস্ট্রাকচার ও মেধাবী গবেষকদের টিমের সাথে কাজ করতে পারা আশাকরি আমার কর্ম অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, বিনোদন জগতের বাইরে ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের অভিজ্ঞতার মধ্যে ১৫ বছরই ব্র্যাক ইন্টারন্যাশনাল হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন মিথিলা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More