ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফেনীর বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেনীর বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত মুহুরী–কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকল্প এলাকার খেয়াঘাট মুহুরী ব্রীজ সংলগ্ন স্থানে ফিতা কেটে দেড় হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), সমাজকল্যাণন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফেনী–২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী–১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খেয়াঘাট মুহুরী ব্রীজ এলাকায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে পাশ্ববর্তী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।

আবদুল্লাহ আল–মামুন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More