সরকারের অন–গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশ দেয়া হয়।
আদেশে বলা হয়, সরকারি অফিসে সৌরবিদ্যুত অধিকতর ব্যবহার নিশ্চিতকরণে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন–গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
উক্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অংশ হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
এতে আরও বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকারের নির্ধারিত অন–গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেই এ নির্দেশনা দেয়া হয়েছে।
এসএ