বিয়ের পর প্রথমবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়।
এই জুটির আসন্ন সিনেমা ‘রানাবালি‘ মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যকার মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা।
সেখানে বিজয়কে নিয়ে নিজ অনুভূতি প্রকাশ করে তিনি লিখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’
রাশমিকার এই পোস্টের জবাবও দিয়েছেন বিজয়। তিনি লিখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’
সিনেমায় বিজয় অভিনয় করেছেন নাম–ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে। রানাবালি সিনেমার গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬–১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ।
আইএমডিবি তথ্য অনুযায়ী, ১৮৭০–এর দশকের দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।
সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। এই চরিত্রটিই রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ।
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রানাবালি।
এসএ