যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে উপজেলার সদকী ইউনিয়নের সদকী রায়পাড়া এলাকার স্বামী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মোছা. মৌসুমি খাতুন (২৯)। তিনি ওই এলাকার কাতার প্রবাসী মো. মাসুদ হোসেনের (৩২) স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহত গৃহবধূর বাড়ির লোকদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ স্বামী বাড়ির লোকজন মৌসুমি কে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করছে।

ঘটনার পর থেকেই মৌসুম শ্বশুর, ভাসুর, ভাসুরের স্ত্রী ও ননদ পলাতক রয়েছেন।

মৌসুমির বাবা মো. ইউনুছ আলী বলেন, তাঁর মেয়ের সুখের জন্য তিনি ইতোপূর্বে কয়েকবার নগদ টাকা ও আসবাপত্র দিয়েছেন। তাঁর জামাই বিদেশে যাওয়ার পর পুনরায় যৌতুকের টাকা দাবি করে। এনিয়ে কয়েকবার সালিশ হয়েছে। হঠাৎ ভোররাতে তিনি জানতে পারেন তাঁর মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

তাঁর দাবি, যৌতুকের টাকা না পেয়ে মেয়ের স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও শ্বশুর বাড়ির লোকজন তাঁর মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তারা করছেন আসামিরা। তিনি থানায় মামলা করবেন বলে জানান।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ মৌসুমির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কুমারখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মরদেহটি স্থানীয়রা আগেই নামিয়েছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা পরে জানানো যাবে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More