দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় টালিউড জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ‘DeSu7’ সিনেমার মাধ্যমে বহুদিন পর আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের।
সিনেমাটির মাধ্যমে প্রথমবার পরিচালকের ভূমিকায়ও আত্মপ্রকাশ করছেন দেব।
শুটিং শেষ হওয়ার পর শুভশ্রীর উদ্দেশে বুধবার (২৬ আগস্ট) সামাজিক মাধ্যমে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন অভিনেতা–পরিচালক দেব।
চিঠিতে দেব লিখেন, “প্রিয় শুভ, DeSu7-এর অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
যখন আমি প্রথমবারের মতো পরিচালক হিসেবে ছবি বানানোর সিদ্ধান্ত নিলাম, চারপাশে অনেক অনিশ্চয়তা ছিল।”
‘এমন একটা সময়ে যখন আমাকে দুর্গাপুজোর উইন্ডোতে ছবি রিলিজ করতেই দেওয়া হচ্ছিল না, তুমি আমার পাশে দাঁড়িয়ে স্ক্রিপ্ট, টাইটেল বা ছবিটা শেষ পর্যন্ত কী হবে না জেনেই DeSu7-এর জন্য হ্যাঁ বলেছিলে। এই পুরো জার্নিতে তোমাকে দেখাটাও আমার কাছে বিশেষ ছিল।’
“আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই ছবিটা আমাকে বুঝিয়েছে তুমি শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও কতটা বেড়ে উঠেছ। প্রফেশনাল আর প্রাইভেট লাইফ দুটোকে কী সুন্দরভাবে ব্যালেন্স করছ।
তোমার বেড়ে ওঠা, এভলভ করা, আর তারপরও এতটা মাটির কাছাকাছি থাকা, সত্যিই অনুপ্রেরণার।”
‘আমাদের জার্নি প্রায় একই সময়ে শুরু হয়েছিল, আর আজ সেই পথই আমাদের এই অধ্যায়ে একসাথে এনেছে, এটা ভেবে আমি খুব খুশি।’
“পরিচালক হিসেবে আমার প্রথম ছবি আমাকে ছবির বাইরে যা দিয়েছে, তা হল তোমার মতো মানুষদের পাওয়া। যারা ভিশনটা কী সেটা না জেনেও সেই ভিশনের উপর বিশ্বাস রেখেছিল।
আমার পাশে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য, আর এই জার্নির অংশ হওয়ার জন্য ধন্যবাদ।”
‘DeSu-র প্রতি ফ্যানদের ভালোবাসা আর স্পিরিটটাকে বাঁচিয়ে রাখতে তুমি যে সাহায্য করেছ, তার জন্যও ধন্যবাদ। DeSu7-এর আইডিয়াটায় এবং আমাতে বিশ্বাস রাখার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
তোমার সামনের জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ভালোবাসা আর শুভকামনা সবসময়।’
এই খোলা চিঠি প্রকাশ্যে আসার পর ফের আলোচনায় এসেছে একসময়কার জনপ্রিয় দেব–শুভশ্রী জুটি। দীর্ঘ বিরতির পর তাদের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও এখন তুঙ্গে।
এসএ