বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় রাউন্ড প্রায় শেষের দিকে। ৪৮ দলের বিশ্বকাপে ১২ গ্রুপের ১০টিতেই হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।
এরই মধ্যে বিশ্বকাপে নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে ২০২২ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। আর কোন কোন দেশ নকআউট নিশ্চিত করেছে সেটিই দেখে নেওয়া যাক।
মেক্সিকো (গ্রুপ এ)
১৮ জুন দক্ষিণ কোরিয়াকে ১–০ ব্যবধানে হারায় মেক্সিকো। তাতে গ্রুপ ‘এ’–এর শীর্ষস্থান দখল করে সহ–আয়োজকরা প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ ব্যবধানে হারিয়ে মেক্সিকো তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল।
যুক্তরাষ্ট্র (গ্রুপ ডি)
গত ১৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ ব্যবধানে জেতে যুক্তরাষ্ট্র। যা ছিল আয়োজকদের দ্বিতীয় ম্যাচ। পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ডি’–এর শীর্ষে উঠে তারা। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে নকআউট টিকিট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
জার্মানি (গ্রুপ ই)
আইভরি কোস্টের বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পেয়ে তৃতীয় দল হিসেবে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে জার্মানি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং চার বছর আগে কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া জার্মানি এবার কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করেছে।
আর্জেন্টিনা (গ্রুপ জে)
সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২–০ ব্যবধানের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসি ১৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
ফ্রান্স (গ্রুপ আই)
সোমবার (২২ জুন) রাতে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইরাককে ৩–০ ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স। এই জয়ে শেষ ৩২–এ নিজেদের স্থান সুরক্ষিত করেছে তারা। সেনেগালকে ৩–১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নরওয়ে (গ্রুপ আই)
নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩–২ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আসা নরওয়ে ৪–১ গোলে ইরাককে বিধ্বস্ত করে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল।
‘কে’ এবং ‘এল’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে আজ (২৩ জুন) রাত থেকে। ‘কে’ গ্রুপ থেকে প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেয়েছে কলম্বিয়া। ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করা পর্তুগালের পয়েন্ট ১। ‘এল’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ঘানা নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
এসএ