নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ আমান সাগরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে আসামিকে আদালতে হাজির করা হলে জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে বুধবার ভোর সোয়া ৪টায় তাকে ময়মনসিংহের গৌরীপুরে আটক করে র্যাব–১৪। পরবর্তীতে মদন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেল জানান, ২০২৫ সালে ২ অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করতে বলেন শিক্ষক সাগর। পরে মসজিদের বারান্দার একটি কক্ষ পরিষ্কার কথা বলে শিশুটিকে কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ভয়ে পরিবারের কাউকে বিষয়টি না জানালে সাত মাস পর শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে শিশুটির মা।
পরে ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি সেদিনের ঘটনা বললে মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।