শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নেত্রকোনায় ৩ হাজার ১ শ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ মজুদ রাখার দায়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ঠাকুরাকোণা বাজারে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি মজুদ করার অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয় এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অভিযানে আনুমানিক ৩ হাজার ১ শ লিটার ডিজেল সরকারের অনুকূলে জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ ৯৫ হাজার টাকা।

নেত্রকোনা জেলায় নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এমন পদক্ষেপ স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য মজুদ করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More