দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নকল ওষুধ বিক্রি: লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নকল ওষুধ বিক্রি: লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল শহরে জার্মানির ওষুধ বলে নকল ওষুধ বিক্রি করার অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে শহরের আকুরটাকুর পাড়া এলাকার লাজফার্মাকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।

এ দিকে জরিমানা করা হলে লাজফার্মা থেকে জানানো হয়, তাদের সাথে সাপ্লাইকারি প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ সেনাবাহিনী, পুলিশ সদস্যরা।

 

এসএ