
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় একাধিক ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও অন্তত পাঁচটি গুদামে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আগুন কীভাবে লেগেছে এবং এতে মোট কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।‘
স্থানীয়রা জানান, ঈদের ছুটির কারণে গুদামগুলো বন্ধ থাকায় আগুন লাগার পরপরই তা কেউ টের পাননি। যখন ধোঁয়া বের হতে দেখা যায়, তখনই এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ততক্ষণে আগুন আশপাশের গুদামগুলোতেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে। গুদামগুলোতে বিপুল পরিমাণ দাহ্য ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে, যাতে আগুন পাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে।








