
স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন।
শুক্রবার (২৭ অক্টোবর) স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল বা ৭২ কিলোমিটার দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে টেনে দ্বীপের লা এস্তাকা বন্দরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
প্রথমে নৌকার ভেতর থেকে আট থেকে ১০ জনের মরদেহ পাওয়ার কথা জানায় সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা। পরে সব মিলিয়ে ১৪ জনের মরদেহ তীরে আনা হয়।
এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে একই দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দরে পৃথক একটি নৌকা থেকে ৮৪ জন জীবিত অভিবাসীকে উদ্ধার করে তীরে নামানো হয়েছে।
সেখানে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপে পৌঁছানো অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় এসব কেন্দ্রে।
বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেখানকার স্থানীয় প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে। স্পেনের কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিবাসী ইস্যু।
স্পেনে আগামী রোববার স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অভিবাসন ইস্যুটি নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এই মৃত্যুর ঘটনাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুটের ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এল।
অক্টোবর মাস থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন দ্রুত বেড়েছে। ২৫ নভেম্বর একদিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী সেখানে পৌঁছান, যাদের অধিকাংশই এসেছেন এল হিয়েরো দ্বীপে। এই দ্বীপের স্থানীয় জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০ জন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে অর্থনীতির জন্য অভিবাসনের সুফলগুলোর অন্যতম জোরালো সমর্থক।
অন্যদিকে, জনমত জরিপে এগিয়ে থাকা ডানপন্থী দলগুলো অভিবাসনের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে অবস্থান নিয়েছে।
প্রতি বছর হাজার হাজার অভিবাসী আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তারা অত্যন্ত গাদাগাদি করে নৌকায় ওঠেন এবং স্পেনের ভূখণ্ডে পৌঁছাতে উত্তাল সমুদ্র ও প্রবল স্রোত উপেক্ষা করেন সাধারণত শরৎকালে—যখন সমুদ্রের পরিস্থিতি তুলনামূলকভাবে অনুকূল থাকে—তখন অভিবাসীদের আগমনের হার বেড়ে যায়।








