শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে।

শিক্ষকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের একাধিক প্রস্তাব থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পেস্কেল তৈরি করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। শিক্ষকদের মর্যাদার সঙ্গে অন্য কোনো পেশার তুলনা চলে না।

এ সময় শিক্ষক সংকটের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন। আইনি মামলা ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

কারিগরি ও জীবনমুখী শিক্ষার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More