লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন দিন ধরে দুই স্কুল ও মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি।
গতকাল মঙ্গলবার রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক—প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪)। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু দিনশেষে তারা আর ঘরে ফেরেনি। পরবর্তীতে আত্মীয়–স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।