রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত ৩টায়) প্রধানমন্ত্রী ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

নিউইয়র্কে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে ভাষণ দেবেন স্থানীয় সময় বিকাল ৫টায় অর্থাৎ বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়।

এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রী একটা নতুন ইতিহাস সৃষ্টির মাধ্যমে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর জাতিসংঘের বক্তব্য দিবেন। তিনি আমাদের দেশের আবেগ অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষার বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি।’

এর মাধ্যমে তিনি একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।

এদিন সরকারপ্রধান এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্যও দেবেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন। তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ ভাষণকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More