মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন আরেকটি সামাজিক মাধ্যম ‘থ্রেডস‘ এনেছেন মার্ক জাকারবার্গ। মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে প্রযুক্তি নকলের অভিযোগে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে প্রতিপক্ষ টুইটার।

চালু হওয়ার প্রথম ১৮ ঘণ্টার মধ্যেই সাইন–আপ করেছেন ৩ কোটিরও বেশি ব্যবহারকারী। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে অ্যাপল স্টোরের শীর্ষে উঠে এসেছে অ্যাপটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের মধ্যেই টুইটারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস।

কারণ হিসেবে তারা বলছেন, গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ উত্থান–পতনের মধ্যদিয়ে যাচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের নিত্যনতুন নিয়মের বেড়াজালে ফেলেছেন তিনি। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন মার্ক জাকারবার্গ। গোপন কারিগরি তথ্যের অপব্যবহার এবং মেধাস্বত্ত্ব চুরির অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দিয়েছে টুইটার।

মাইক্রোব্লগিং সাইটটির আইনজীবীর অভিযোগ, টুইটারের সাবেক কর্মীদের বড় অংকের টাকার বিনিময়ে ভাড়া করে থ্রেডস অ্যাপস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাদের কাছ থেকে টুইটারের কারিগরি তথ্য ও প্রযুক্তি নকল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

টুইটারের মতোই দেখতে অনেকটা মেটারের থ্রেডস অ্যাপ। এই অ্যাপ দিয়ে ‘টেক্সট–ভিত্তিক কথোপকথন‘ চালানো যাবে বলে জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের সঙ্গে নতুন এই অ্যাপটিকে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়েই থ্রেডসে লগইন করতে পারবেন ব্যবহারকারীরা।

শায়লা/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More