বিএনপি‘র স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর চিকিৎসাধীন আছেন।
দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তাই জুন মাসের প্রথম সপ্তাহে মির্জা আব্বাস দেশে ফিরতে পারেন বলে জানান তার স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার স্থানীয় সময় (১৬ মে) বিকাল ৫টায় কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস‘কে বর্তমানে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে তিনি (মির্জা আব্বাস) প্রতিদিন কিছুটা সময় হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে চলাফেরাও করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়া আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম ও ফয়সালসহ মালয়েশিয়া কর্মরত প্রবাসী সাংবাদিকবৃন্দ।
এসএ