দীপ্ত নিউজ
বিনোদন

মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে, জুমার পর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে, জুমার পর জানাজা
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকুর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পরে হবে জানাজা। এরপর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই মারা যান তিনি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ নেওয়া হয়।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু–লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তার উল্লেখযোগ্য কাজ।

২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।